আজ থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, মমতার নেতৃত্বে পথে তৃণমূলের প্রতিবাদ
আজ, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো ভোটার তালিকার নিবিড় সংশোধন অভিযান (SIR)। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার (বিএলও)রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে পৌঁছে দেবেন এনুমারেশন ফরম। তাঁদের সঙ্গে থাকবেন রাজনৈতিক দলের নিযুক্ত বুথ লেভেল এজেন্ট (বিএলএ)রা। রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের নাম যাচাই করা হবে এই অভিযানের মাধ্যমে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সকালে সব জেলার জেলা নির্বাচন আধিকারিকদের (ডিইও) সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। কমিশন জানিয়েছে, সব বুথে ইতিমধ্যে ফরম পৌঁছে গেছে এবং অভিযান চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
তবে এই এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। মঙ্গলবারই কলকাতায় এসআইআর বিরোধী মিছিল করছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হবে। অন্যদিকে, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যাতে বিএলওরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন এবং কোনও রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকেন। রাজ্যজুড়ে তাই প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক সরগরম দুই-ই চরমে।