Tranding
আর্ন্তজাতিক / December 21, 2025

হুইলচেয়ার ব্যবহারকারী নারীকে মহাকাশে পাঠাতে যাচ্ছে ব্লু অরিজিন

প্রথমবারের মতো হুইলচেয়ার ব্যবহারকারী একজন নারীকে মহাকাশে পাঠানোর উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা ব্লু অরিজিন। বিলিয়নিয়ার উদ্যোক্তা জেফ বেজোসের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির নিউ শেপার্ড রকেটে করে আসন্ন এনএস–৩৭ সাবঅরবিটাল মিশনে অংশ নিতে যাচ্ছেন প্রকৌশলী মিকেলা বেনথাউস।

মিকেলা বেনথাউস একজন মহাকাশযান ও মেকাট্রনিক্স প্রকৌশলী। তিনি আরও পাঁচজন সদস্যের সঙ্গে এই ঐতিহাসিক যাত্রায় অংশ নেবেন। নির্ধারিত মিশনে রকেটটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৬২ মাইল ওপরে কারমান লাইন অতিক্রম করবে, যা আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসেবে স্বীকৃত।

জানা গেছে, ২০১৮ সালে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মিকেলা স্থায়ীভাবে শারীরিক প্রতিবন্ধকতার মুখে পড়েন এবং তখন থেকেই হুইলচেয়ার ব্যবহার করছেন। সেই অভিজ্ঞতাকে পেছনে রেখে তিনি এখন মহাকাশ অভিযানে অংশ নিতে প্রস্তুত।

এই ফ্লাইটে মিকেলার সঙ্গে থাকবেন প্রকৌশলী হ্যান্স কোয়েনিগসম্যান, উদ্যোক্তা নীল মিলচ, বিনিয়োগকারী জোয়ি হাইড, অ্যাডোনিস পোরোলিস এবং বিজ্ঞানপ্রেমী জেসন স্ট্যানসেল। প্রায় ১০ থেকে ১২ মিনিটের এই সাবঅরবিটাল যাত্রায় তাঁরা কয়েক মিনিটের জন্য মাইক্রোগ্রাভিটি বা ওজনশূন্যতার অভিজ্ঞতা লাভ করবেন, এরপর পৃথিবীতে ফিরে আসবেন।

এটি ব্লু অরিজিনের ১৬তম মানব মহাকাশ মিশন হতে যাচ্ছে। এ পর্যন্ত সংস্থাটি কারমান লাইন অতিক্রম করে মোট ৮৬ জনকে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে, যাদের বড় অংশই প্রথমবারের মতো এই অভিজ্ঞতা অর্জন করেছেন। এই মিশন মহাকাশ অভিযানে অন্তর্ভুক্তির ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.