বাংলাদেশে নির্বাচনে বিএনপির এগিয়ে থাকা: তারেক রহমানকে অভিনন্দন মোদীর, শুভেচ্ছা আমেরিকারও
বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে শুভেচ্ছা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রও।
শুক্রবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে মোদী তারেককে অভিনন্দন জানান। তিনি লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ের জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা। ভারত-বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।
অন্যদিকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকেও অভিনন্দন জানানো হয়েছে। এক বার্তায় বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানিয়ে বিএনপি ও তারেক রহমানের ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করা হয়। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।
এ দিকে ভোটগণনা যত এগোচ্ছে, ততই বাড়ছে বিএনপির আসনসংখ্যা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জয়ী বা এগিয়ে থাকার নিরিখে বিএনপি ইতিমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। জামায়াতে ইসলামীও একাধিক আসনে এগিয়ে রয়েছে, পাশাপাশি কয়েকটি আসনে অন্য দলগুলিও লড়াইয়ে রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসনে জয়। চূড়ান্ত ফল ঘোষণা এখনও বাকি থাকলেও প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতার দিকেই এগোচ্ছে বিএনপি।