Tranding
রাজ্যের খবর / January 30, 2026

ডাম্পারের ভারে ভেঙে পড়ল শীতলকুচির সেতু, যান চলাচল বন্ধ

কোচবিহারের শীতলকুচি ব্লকের দেবনাথপাড়া এলাকায় একটি সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সকালে একটি ডাম্পার সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই সেতুর একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে ওই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের দাবি, ডাম্পারটির অতিরিক্ত ভারের কারণেই সেতুটি ভেঙে পড়েছে। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে এসে দেখেন, সেতুর একটি অংশ নীচে ঝুলে রয়েছে এবং তার উপরেই আটকে আছে ডাম্পারটি। এই সেতুটি সিতাই ও শীতলকুচির মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। প্রাথমিকভাবে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা বেহাল ছিল। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

এই বিষয়ে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মণ জানান, তিনি বর্তমানে জেলার বাইরে থাকলেও ঘটনার কথা জানতে পেরেছেন এবং জেলাশাসকের দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর মতে, দুর্বল সেতুটির ক্ষেত্রে আগে থেকেই বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন ছিল।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুটি প্রায় ২৫ বছরের পুরনো এবং আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। ভারী যান চলাচলের সতর্কতামূলক বোর্ডও লাগানো ছিল। তা সত্ত্বেও নিয়ম ভেঙে ভারী যান চলাচলের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সেতু ভেঙে পড়ার ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু করা ও ভবিষ্যতে ভারী যান নিয়ন্ত্রণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.