সুদানের যুদ্ধ নিয়ে বরহান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌম পরিষদের প্রধান ও সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বরহান বুধবার পোর্ট সুদানে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি-র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সুদানের চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে আলোচনা হয়।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পক্ষ থেকে একটি সংহতির বার্তা বরহানের কাছে পৌঁছে দেন আবদেল আতি।
সুদানের পররাষ্ট্রমন্ত্রী মোহিুদ্দিন সালেম বলেন, এ বৈঠক দুই দেশের মধ্যে ক্রমাগত পরামর্শ ও সহযোগিতা জোরদারের অংশ। তিনি আরও জানান, মিশর সব সময় সুদানের পাশে রয়েছে এবং যুদ্ধ থেকে সৃষ্ট সংকট মোকাবিলায় সহযোগিতা করবে।
আবদেল আতি বলেন, মিশর আন্তর্জাতিক মহল, বিশেষ করে চতুর্মুখী উদ্যোগের মাধ্যমে যুদ্ধবিরতি ও তাৎক্ষণিকভাবে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে। পাশাপাশি একটি রাজনৈতিক প্রক্রিয়া চালু করে সুদানি ঐক্যের পথ প্রশস্ত করতে চায়।
তিনি জানান, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে মিশর প্রস্তুত এবং বরহানের অক্টোবরে কায়রো সফর প্রত্যাশা করছে, যেখানে তিনি মিশরীয় জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।