উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ব্যবসায়ী অপহরণ, সাড়ে চার লক্ষ টাকা সহ নিখোঁজ
বিশেষ প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ:
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার হায়দারপুর গ্রামে ঘটে গেছে এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। সবজি ব্যবসায়ী আনারুল ইসলাম নিখোঁজ হয়েছেন সাড়ে চার লক্ষ টাকা সহ।
পরিবার সূত্রে জানা গেছে, আনারুল ইসলাম ৭ই সেপ্টেম্বর (রবিবার) সকালে সবজি ব্যবসার কাজে ওড়িশার কটকের ছত্রবাজারে যান। তাঁর ফেরার কথা ছিল ৯ই সেপ্টেম্বর (মঙ্গলবার)। কিন্তু তারপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি, এমনকি তাঁর মোবাইল ফোনটিও বন্ধ।
পরিবারের আশঙ্কা, টাকা সহ তাঁকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। একাধিকবার অভিযোগ জানিয়েও ওড়িশা পুলিশ কোনো সুরাহা করতে পারেনি।
অসহায় পরিবার ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত বাদুড়িয়া থানার পুলিশও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ।