আসিয়ান বৈঠকের পর কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলার অভিযোগ
আসিয়ানভুক্ত দেশগুলোর বৈঠক শেষ হওয়ার পরপরই কম্বোডিয়ার ভূখণ্ডে থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলেছে নম পেন। কম্বোডিয়া কর্তৃপক্ষের দাবি, সীমান্তে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি আলোচনার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, থাই সামরিক বাহিনী এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে সিয়েম রিয়াপ ও প্রাহ ভিহিয়ার প্রদেশের কয়েকটি এলাকায় বোমা নিক্ষেপ করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, মালয়েশিয়ায় অনুষ্ঠিত আঞ্চলিক সংকট নিয়ে আসিয়ান বৈঠকের ঠিক পরেই এসব হামলা চালানো হয়।
এর আগে থাইল্যান্ড সীমান্তে উত্তেজনা কমাতে কম্বোডিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মতির কথা জানিয়েছিল। তবে কম্বোডিয়ার অভিযোগ, আলোচনার ঘোষণা সত্ত্বেও হামলা চালানোয় দুই দেশের সম্পর্ক আরও চাপে পড়েছে এবং সীমান্ত পরিস্থিতি নতুন করে অনিশ্চিত হয়ে উঠেছে।
এ বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের, যা সাম্প্রতিক সময়ে আবারও সহিংসতায় রূপ নিয়েছে।
ছবি: রয়টার্স