হংকং বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা: কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে, দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু
হংকং: দুবাই থেকে আসা একটি কার্গো বিমান সোমবার ভোরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে যায়। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন। এটি গত ২৫ বছরের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
বিমানটি ছিল বোয়িং ৭৪৭ মডেলের এবং এমিরেটস এয়ারলাইন্সের পক্ষ থেকে পরিচালিত তুর্কি মালবাহী সংস্থা ‘এয়ার অ্যাক্ট’ এর মালিকানাধীন। দুর্ঘটনায় বিমানের চারজন ক্রু সদস্যই জীবিত আছেন।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক স্টিফেন ইউ জানান, দুর্ঘটনার পর দুই নিরাপত্তাকর্মীকে পানি থেকে উদ্ধার করা হয়; ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অপরজন পরে হাসপাতালে মারা যান।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে। নিয়ন্ত্রণ টাওয়ারের অডিও রেকর্ড অনুযায়ী, পাইলট অবতরণের আগে কোনো প্রযুক্তিগত সমস্যার কথা জানাননি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অবতরণের সময় বিমানটি হঠাৎ বামদিকে ঘুরে নিরাপত্তা টহল গাড়িটিকে ধাক্কা দেয় এবং সোজা সমুদ্রে গিয়ে পড়ে। বিমানের সামনের অংশ ভেঙে গেছে, আর পেছনের অংশ পানিতে ডুবে আছে।
এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের নম্বর ছিল EK9788, এবং এতে কোনো কার্গো ছিল না।
তদন্তকারীরা এখনো খারাপ আবহাওয়া, রানওয়ের অবস্থা ও যান্ত্রিক ত্রুটি নিয়ে অনুসন্ধান করছেন।