নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর, এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন
সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এসআইআর সংক্রান্ত ঘটনায় প্রয়াত তিনজন বিএলও-র পরিবারের সদস্য এবং তালিকা সংশোধনে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকের পর কমিশন কার্যালয়ের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। নাম ও পদবি সংক্রান্ত বিভ্রাটের কারণে সাধারণ মানুষকে অযথা হয়রানির অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিবাহের পর বহু নারীর পদবি পরিবর্তিত হয়, অথচ বানান বা নামের সামান্য অমিলকে কেন্দ্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে।
তিনি আরও দাবি করেন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ অনুযায়ী, প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ভোটের মাত্র কয়েক মাস আগে এসআইআর চালানো হচ্ছে বলেও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
বাংলাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, অন্য রাজ্যগুলিতে কেন একইভাবে এসআইআর কার্যকর করা হয়নি, সেই প্রশ্নের উত্তর কমিশনের দেওয়া উচিত। বিশেষ করে অসমে কেন এমন প্রক্রিয়া হয়নি, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর মন্তব্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু কমিশনের সঙ্গে কাজ করেছেন, তবে বর্তমান পরিস্থিতি নজিরবিহীন বলেই তাঁর দাবি।
এই বৈঠক ও তার পরবর্তী মন্তব্য ঘিরে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ছবি: সংগৃহীত।