Tranding
আর্ন্তজাতিক / September 17, 2025

চীন–নিউজিল্যান্ড কূটনৈতিক টানাপোড়েন।


অনলাইন, বঙ্গ দর্পণ: চীন ও নিউজিল্যান্ডের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে তাদের নাগরিকদের হয়রানির অভিযোগ তুলেছে বেইজিং।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়েলিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, এক চীনা নাগরিককে নিউজিল্যান্ডের বিমানবন্দরে অযথা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তার ব্যক্তিগত ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়, যার মধ্যে কিছু এখনও ফেরত দেওয়া হয়নি। দূতাবাস আরও দাবি করেছে, এরকম একাধিক ঘটনার নজির রয়েছে।

চীনা দূতাবাস নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে, প্রয়োজনে বেইজিং আরও পদক্ষেপ নেবে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা আইন সব নাগরিকের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, কোনো দেশের প্রতি পক্ষপাত করা হয় না।

নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানায়, তাদের সব কার্যক্রম আইনসঙ্গত এবং স্বাধীনভাবে কঠোর তদারকির আওতায় পরিচালিত হয়।

এর আগে আগস্টের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছিল যে, বেইজিং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সে সময়ও চীন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.