নদিয়ায় বিএসএফ-পুলিশ সংঘর্ষ, আহত তিন পুলিশকর্মী
নদিয়া, ৫ নভেম্বর ২০২৫: নিষিদ্ধ কাশির সিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্ত করা নিয়ে উত্তেজনা ছড়াল নদিয়ার চাপড়া থানার এলাকায়। মঙ্গলবার রাতে রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সংঘর্ষে অন্তত তিন জন পুলিশকর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানগর এলাকায় একটি গাড়ি থেকে কিছু প্যাকেট নামানো হচ্ছিল। গ্রামবাসীরা তা খুলে দেখে প্রচুর পরিমাণে ফেনসিডিল রয়েছে। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিরাপগুলি বাজেয়াপ্ত করে।
এর কিছুক্ষণ পর বিএসএফের ৩২ ব্যাটেলিয়নের জওয়ানরা সেখানে আসে এবং বাজেয়াপ্ত সিরাপ নিজেদের হেফাজতে নেওয়ার দাবি তোলে। কিন্তু পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া অনুযায়ী তারা জব্দ করেছে, তাই তা হস্তান্তর করা সম্ভব নয়। এ নিয়ে দুই বাহিনীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়, পরে হাতাহাতিতেও গড়ায়।
সংঘর্ষে তিন পুলিশকর্মী আহত হন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ এক বিএসএফ কর্মীকে আটক করে। পরবর্তীতে জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসার এবং বিএসএফ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ছবি: আনন্দবাজার পত্রিকা