Tranding
মধ্যপ্রাচ্য / December 23, 2025

আলেপ্পোয় সিরীয় বাহিনী ও এসডিএফের সংঘর্ষ, নিহত ২

সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে সহিংস সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। সোমবার রাতে শহরের শেইখান ও লায়রমুন গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে ভারী অস্ত্র ও মর্টার শেল ব্যবহার করা হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে বাধ্য হয়। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, গোলাগুলির সময় তাদের দুই উদ্ধারকর্মী আহত হন। আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে বলেও জানানো হয়েছে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসডিএফকে সংঘর্ষের জন্য দায়ী করে জানায়, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় যৌথ নিরাপত্তা চেকপোস্টে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুজন নিরাপত্তা সদস্য আহত হন। তবে এসডিএফ পালটা অভিযোগ করে বলেছে, সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোই বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে।

ঘণ্টাখানেক টানা সংঘর্ষের পর গভীর রাতে উভয় পক্ষ গোলাবর্ষণ বন্ধে সম্মত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরীয় সেনাবাহিনী ও এসডিএফ—উভয় পক্ষই তাদের সদস্যদের সংযত থাকার নির্দেশ দেয়।

এই সংঘর্ষ এমন এক সময়ে ঘটল, যখন এসডিএফকে সিরীয় রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার বিষয়ে রাজনৈতিক আলোচনা চলছিল। গত মার্চে এসডিএফকে সরকারি প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার একটি সমঝোতায় সই হলেও এখনো তা কার্যকর হয়নি।

বিশ্লেষকদের মতে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে এসডিএফের নিয়ন্ত্রণ এবং তুরস্কের বিরোধিতার কারণে বিষয়টি দেশটির জাতীয় ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলমান এই উত্তেজনা ভবিষ্যতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.