একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ, পরীক্ষার্থীর সংখ্যা ২.৪৬ লক্ষ
অনলাইন, বঙ্গ দর্পণ:পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উদ্যোগে রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল। রাজ্য জুড়ে মোট ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বসেন প্রায় ২,৪৬,৫০০ পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে ছিল আঁটসাঁট নিরাপত্তা। সকাল ১০টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার প্রক্রিয়া শুরু হয়। প্রবেশের আগে প্রত্যেককে তল্লাশি করে ঢোকানো হয়। কেবলমাত্র অ্যাডমিট কার্ড এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে ভেতরে যাওয়ার অনুমতি ছিল। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর সহ কোনও ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। দুপুর ১২টায় শুরু হওয়া এই পরীক্ষায় নজরদারি ছিল একেবারে কড়া। কমিশনের কন্ট্রোল রুম থেকে প্রতিটি কেন্দ্রের পরিস্থিতির উপর নজর রাখা হয়। পরীক্ষার সময় টুকলি, প্রশ্নফাঁস বা কোনও ধরনের অনিয়ম ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রয়োজনে যোগাযোগের জন্য চালু রাখা হয়েছিল হেল্পলাইন নম্বরও। উল্লেখযোগ্যভাবে, কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি দফতরকেও এ বার একটি পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল। তিনজন চাকরিপ্রার্থী সেখানেই পরীক্ষা দেন। নবম-দশম শ্রেণির মতো এ পরীক্ষাতেও রাজ্যের বাইরের বহু প্রার্থী অংশ নিয়েছেন। গত ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল। সে তুলনায় এ দিন পরীক্ষার্থী সংখ্যা কিছুটা কম হলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখা হয়নি। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কমিশন ও রাজ্য সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় সেই প্যানেল, চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-কর্মী। সেই প্রেক্ষিতে এ বারের পরীক্ষায় কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে, যাতে পুনরায় কোনও অভিযোগ না ওঠে।