ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, চামোলিতে গ্রাম ভেসে গেল, নিখোঁজ ১০
অনলাইন, বঙ্গ দর্পণ: ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হল উত্তরাখণ্ড। বুধবার গভীর রাতে চামোলি জেলার নন্দা নগরে হড়পা বান আছড়ে পড়ে। মাটি ও জলস্রোতে গ্রামের একাংশ ধুয়ে যায়। অন্তত ছয়টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন নিখোঁজ। প্রশাসন রাতেই উদ্ধারকাজ শুরু করেছে। পলির নিচ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই মেডিক্যাল টিম ও তিনটি অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে এলাকায়। এর আগে মাত্র চার দিন আগেই টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় বিপর্যয় নেমেছিল। দেরাদুন-সহ কয়েকটি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান দেখা দেয়। প্রশাসনের হিসাবে, এই বিপর্যয়ে উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন ১৩ জন, নিখোঁজ হয়েছেন ১৬ জন। দেরাদুনে নদীর স্রোতে ভেসে যাওয়া একটি ট্র্যাক্টরে থাকা ১০ জনের মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ছবি: প্রতিদিন