ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়ার সেনা অভিযান: ৯ গেরিলা নিহত
ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন অঞ্চলে কলম্বিয়ার সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত হয়েছে ৯ গেরিলা যোদ্ধা। শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
জানা যায়, আরাউকা প্রদেশে এই অভিযানে কোকেন পাচারে জড়িত সশস্ত্র বিদ্রোহীদের লক্ষ্যবস্তু করা হয়। এটি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে মাদকচক্র ও গেরিলা কার্যক্রম দমনে চলমান কঠোর সামরিক অবস্থানেরই অংশ। সীমান্ত এলাকায় অপরাধী নেটওয়ার্ক দমনে সম্প্রতি নজরদারি ও সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে সরকার।
সপ্তাহের শুরুতেই আমাজন অঞ্চলে কলম্বিয়ার সেনাবাহিনী একটি বিমান হামলা চালায়। সেই হামলায় ফার্কের ভিন্নমতাবলম্বী স্প্লিন্টার গ্রুপের ১৯ সদস্য নিহত হয়, যা সাম্প্রতিক সময়ে গেরিলা দমনে অন্যতম বড় সফল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।