শরীফ ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক, পরিস্থিতি নিয়ে উদ্বেগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কমনওয়েলথ। একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।
শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথের মহাসচিব শির্লে বোচওয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে শোকবার্তা দেন। তিনি বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুতে তিনি বাংলাদেশের মানুষের শোকের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কমনওয়েলথকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এ অবস্থায় আইনের শাসন বজায় রাখা এবং সাংবাদিকসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মহাসচিব।
তিনি সহিংসতায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত অবস্থানকে স্বাগত জানান। পাশাপাশি সবাইকে সংযমী ও দায়িত্বশীল আচরণ করার এবং ঘৃণা পরিহারের আহ্বান জানানোর বিষয়টিকেও ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। শান্তি রক্ষা ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বানে নিজেও সমর্থন জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদির মাথায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরপর টানা এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তার মরদেহ ঢাকায় আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিপুল মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।