UMEED পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডে জটিলতা: কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে AIMPLB প্রতিনিধিদলের বৈঠক
নয়াদিল্লি: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল UMEED পোর্টালে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য আপলোডের ক্ষেত্রে উদ্ভূত প্রধান সমস্যাগুলি নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক করেছে।
বৈঠকে প্রতিনিধি দল UMEED পোর্টালে তথ্য আপলোডের সময় বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি, তথ্য যাচাইয়ের জটিলতা এবং নির্ধারিত সময়সীমাকে অবাস্তব বলে উল্লেখ করে। এসব কারণে বহু ওয়াকফ সম্পত্তির তথ্য এখনও আপলোড করা সম্ভব হয়নি বলে তারা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এই পরিস্থিতিতে মুলতুবি থাকা আপলোড প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এক বছরের সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়।
প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন এবং সমস্যাগুলির ইতিবাচক ও সময়োপযোগী সমাধানের প্রতিশ্রুতি দেন।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন AIMPLB-এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ফজলুর রহিম মুজাদ্দিদী, সাংসদ ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, সাংসদ রুহুল্লা মেহেদী, রাজ্যসভার সাংসদ মহম্মদ জাভেদ, মহম্মদ আদিব, মাওলানা মোহাম্মদ হাকীমুদ্দিন কাসমী, মুফতি আব্দুল রাজ্জাক, আইনজীবী ফাজেল আহমদ আইয়ুবী, আইনজীবী হাকিম মোহাম্মদ তাহির এবং অ্যাডভোকেট নাবিলা জামীল।
উল্লেখ্য, ওয়াকফ সম্পত্তির স্বচ্ছতা ও ডিজিটাল নথিভুক্তকরণের লক্ষ্যে UMEED পোর্টাল চালু করা হয়েছে। তবে বাস্তব প্রয়োগে নানা সমস্যার কারণে সময়সীমা পুনর্বিবেচনার দাবি উঠছে।