Tranding
রাজ্যের খবর / January 23, 2026

এসআইআর শুনানি ঘিরে বাড়ছে উদ্বেগ, নতুন তালিকা প্রকাশে ফের হয়রানির আশঙ্কা

 কলকাতা:স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় যুক্ত ভোটারদের জন্য অনিশ্চয়তা আরও বাড়তে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী শনিবারের মধ্যে ‘সন্দেহজনক’ বা তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে হয়রানির আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ মহল।
নির্বাচনী সূত্রে জানা গিয়েছে, আগে বুথ লেভেল অফিসার (বিএলও) স্তরে যাচাই করে যেসব নথিকে গ্রহণযোগ্য ধরা হয়েছিল, সেগুলিও এবার চূড়ান্ত বলে গণ্য হচ্ছে না। কমিশনের প্রয়োজন হলে ওই ভোটারদেরও পুনরায় শুনানিতে ডাকা হতে পারে। ফলে যাঁরা ইতিমধ্যেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাঁরাও আবার অনিশ্চয়তার মুখে পড়ছেন।
খসড়া তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, নামের বানানগত অসামঞ্জস্য, বাবা-মায়ের বয়সের সঙ্গে ভোটারের বয়সের ফারাকসহ বিভিন্ন কারণে বহু নামকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে বিএলও পর্যায়ের যাচাইয়ের পরে প্রায় ৪১ লক্ষ নাম ওই তালিকা থেকে বাদ দেওয়া হলেও, সর্বোচ্চ আদালতের নির্দেশে আবার পুরো ১ কোটি ৩৬ লক্ষ নাম প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসে এই তালিকা টাঙানো হবে এবং সংশ্লিষ্ট প্রত্যেক ভোটারকে নির্ধারিত দিনে শুনানিতে উপস্থিত থেকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এমনকি কারও বিরুদ্ধে আপত্তি না থাকলেও কাগজপত্র পেশ করা বাধ্যতামূলক বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থায় একাধিক ধাপে শুনানির সংখ্যা বাড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। দীর্ঘ লাইন, বারবার হাজিরা ও নথি জোগাড়ের চাপ—সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া নতুন করে হয়রানির কারণ হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.