Tranding
আর্ন্তজাতিক / September 20, 2025

সৌদি চুক্তি ঘিরে পাকিস্তানের পরমাণু নীতি নিয়ে ধন্দ

বঙ্গদর্পণ অনলাইন ডেস্ক :২০ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক মন্তব্য ঘিরে দেশটির পরমাণু অস্ত্র নীতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষাপটে তিনি দুটি আলাদা সাক্ষাৎকারে পরস্পরবিরোধী অবস্থান নেওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে।

গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব সফরে গিয়ে একটি কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে উল্লেখ করা হয়, পাকিস্তান বা সৌদি আরব যে কোনও এক দেশে আগ্রাসনের শিকার হলে, সেটিকে উভয়ের উপর আঘাত হিসেবে ধরা হবে এবং সংকটকালে তারা একে অপরের পাশে দাঁড়াবে। এই চুক্তি স্বাক্ষরের সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও উপস্থিত ছিলেন।

চুক্তির পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, প্রয়োজনে সৌদিও পাকিস্তানের সব ধরনের সামরিক ক্ষমতা, এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের সুবিধা পাবে। তাঁর বক্তব্যে নতুন করে জল্পনা ছড়িয়ে পড়ে—তাহলে কি পাকিস্তানের পরমাণু অস্ত্র আর শুধু ভারতের বিরুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না?

তবে অল্প সময়ের ব্যবধানে রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে আসিফ উল্টো অবস্থান নেন। তিনি জানান, পরমাণু অস্ত্র এই চুক্তির অংশ নয়। তাঁর কথায়, “আগ্রাসনের জন্য চুক্তি ব্যবহার করার কোনও ইচ্ছা আমাদের নেই। তবে হুমকি এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই চুক্তির আওতায় পরমাণু অস্ত্র নেই।”

এই পরস্পরবিরোধী মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে। দেশটির প্রভাবশালী সংবাদপত্র ডন সরাসরি জানতে চায় কেন একই বিষয়ে মন্ত্রী ভিন্ন অবস্থান নিলেন। এ নিয়ে বিদেশ দফতরের মুখপাত্র শফকত আলি খানও একাধিক প্রশ্নের মুখোমুখি হন, যদিও তিনি সেগুলি কৌশলে এড়িয়ে যান বলে অভিযোগ উঠেছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ার একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল সম্প্রতি কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে। এর জেরে সৌদি-সহ আরব দেশগুলিতে ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি আসলে ইসরায়েলের উদ্দেশে একটি কড়া বার্তা। ফলে ইসলামাবাদ সৌদিকে প্রয়োজনে পরমাণু সুরক্ষা দেবে—এমন জল্পনাও ছড়িয়ে পড়ে। কিন্তু মন্ত্রীর অস্পষ্ট মন্তব্যে পাকিস্তানের অবস্থান আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

ছবি:আনন্দ বাজার

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.