Tranding
জাতীয় খবর / December 8, 2025

ইন্ডিগো পরিষেবায় টানা জটিলতা: কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা, যাত্রীদের আদালতে যাওয়ার পরামর্শ

দেশজুড়ে ইন্ডিগোর ফ্লাইট পরিষেবায় বিগত এক সপ্তাহের অস্থিরতায় ভ্রমণকারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরপর বিমান বাতিল, ঘণ্টার পর ঘণ্টা দেরি এবং বিকল্প রুটে যাতায়াতের সমস্যায় নাজেহাল পরিস্থিতি—এ অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের “পরিকল্পনাহীনতা”কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার দমদম বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেন, “অনেক দিন ধরে ফ্লাইট পাওয়া যাচ্ছে না, মানুষ বিপদের মধ্যে পড়ছেন। আগেই কোনও পরিকল্পনা না করার ফলেই এমন সংকট তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণভাবে কেন্দ্রের। যাত্রীরা চাইলে আদালতের শরণাপন্ন হতে পারেন।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিকল্প রুটে যাত্রী পাঠানোর কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর নয়। তিনি উল্লেখ করেন, “যেখানে বিমানে দু’ঘণ্টায় পৌঁছনো যায়, সেখানে ট্রেনে সময় লাগে এক দিন থেকে দেড় দিন। তাছাড়া রিজার্ভেশন পাওয়া নিয়েও সমস্যা। ফলে মানুষের ভোগান্তি বহুগুণ বেড়েছে।”

ইন্ডিগোর ফ্লাইট বাতিলের সংখ্যাও দিন দিন বাড়ছে। এদিন দিল্লি থেকে ১৩৪টি, বেঙ্গালুরু থেকে ১২৭টি এবং চেন্নাই থেকে ৭১টি উড়ান বাতিল হয়েছে। পাশাপাশি কলকাতা, মুম্বই, আহমেদাবাদ, ভাইজ্যাগসহ একাধিক বিমানবন্দরে একই পরিস্থিতি দেখা গেছে।

পাইলটদের ওপর অতিরিক্ত কাজের চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, “ওভারটাইম করিয়ে পরিষেবা টিকিয়ে রাখা সম্ভব নয়। পাইলটদের যথেষ্ট বিশ্রাম প্রয়োজন। আগে থেকেই বিকল্প পরিকল্পনা নিলে পরিস্থিতি এত ভয়াবহ হতো না।”

গত এক সপ্তাহের অবস্থা দেখে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে ইন্ডিগোর পরিষেবা–সংকট দ্রুত কাটার সম্ভাবনা খুবই কম।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.