‘ভুল শুধরে নাও, নইলে চিনও যা করার করবে’ — ট্রাম্পের ১৫৫% শুল্ক হুঁশিয়ারিতে বেজিংয়ের পাল্টা বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর ১৫৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে কড়া সুরে প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। চীনের বার্তা, “ভুল শুধরে আলোচনায় বসো, না হলে চিনও নিজেদের মতো পদক্ষেপ নেবে।”
কলকাতায় চীনের কনসাল জেনারেল শু ওয়েই বলেছেন, “আমরা সংঘাত চাই না, কিন্তু যদি বাধ্য করা হয়, চিনও উপযুক্ত জবাব দেবে। সহযোগিতা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে, আর বিরোধ উল্টো ফল দেবে।”
বর্তমানে মার্কিন বাজারে চীনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ১ নভেম্বরের মধ্যে যদি কোনো বাণিজ্যচুক্তি না হয়, তবে সেই হার ১৫৫ শতাংশে পৌঁছাবে।
যদিও ট্রাম্প দাবি করেছেন, তাঁর ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ‘সুসম্পর্ক’ বজায় রয়েছে। তিনি আরও জানান, “আমরা দক্ষিণ কোরিয়ায় দেখা করব, এবং আশা করি দুই দেশেরই লাভজনক সমাধান মিলবে।”
এই শুল্কবিরোধ নতুন করে তীব্র করেছে দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।