দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন
বঙ্গদর্পণ অনলাইন :ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসাবে শুক্রবার শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। সকাল ১০টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। শপথগ্রহণ অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। গত ২১ জুলাই পদত্যাগের পর এ দিনই প্রথম জনসমক্ষে দেখা গেল তাঁকে। পাশাপাশি উপস্থিত ছিলেন আর এক প্রাক্তন উপরাষ্ট্রপতি এম. বেঙ্কাইয়া নায়ডুও। ধনখড় মেয়াদ শেষ হওয়ার আগেই অসুস্থতার কারণে পদত্যাগ করায় উপরাষ্ট্রপতি নির্বাচন অনিবার্য হয়ে পড়ে। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সমর্থিত প্রার্থী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। ভোটগণনায় রাধাকৃষ্ণন ৪৫২টি ভোট পান, আর রেড্ডির ঝুলিতে যায় ৩০০ ভোট। আগামী পাঁচ বছর উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাধাকৃষ্ণন। পদাধিকার বলে তিনিই হবেন সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান। ধনখড়ের আমলে বিরোধী শিবির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। এবার নতুন উপরাষ্ট্রপতির কাছে তাঁরা নিরপেক্ষ আচরণের আশা করছেন। মূল বিষয়গুলো: দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও বেঙ্কাইয়া নায়ডু নির্বাচনে রাধাকৃষ্ণনের প্রাপ্ত ভোট ৪৫২, সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট ছবি:পি টি আই