Tranding
জাতীয় খবর / September 11, 2025

দেশের প্রতিটি রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশিকা জারি করল কেন্দ্র

অনুপ্রবেশ রুখতে আরও কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর এ বার সরাসরি পদক্ষেপ নিল স্বরাষ্ট্রমন্ত্রক। বিদেশি নাগরিকদের প্রবেশে জারি হল একগুচ্ছ বিধিনিষেধ। পাশাপাশি রাজ্যে রাজ্যে গড়ে উঠবে ডিটেনশন সেন্টার।

নতুন নির্দেশ অনুযায়ী, বিদেশি নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, গুপ্তচরবৃত্তি, ধর্ষণ, খুন, সন্ত্রাসবাদ, শিশু পাচার বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকলে, তাঁদের দেশে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। বৈধ ভিসা নিয়েও বিদেশিরা বিদ্যুৎ, জল সরবরাহ বা পেট্রোলিয়াম খাতের কোনও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না সরকারের অনুমতি ছাড়া।

ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ, তথ্যচিত্র প্রচার, পর্বতারোহণ অভিযান এবং সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রের লিখিত অনুমতি। তবে পাকিস্তান, চিন বা আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রে এই অনুমতি একেবারেই মিলবে না।

দেশত্যাগের ক্ষেত্রেও জারি হয়েছে কড়া নিয়ম। দেশের প্রয়োজনে, আদালতের নির্দেশে অথবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা থাকলে কাউকে দেশ ছাড়তে বাধা দেওয়া যাবে। এ সংক্রান্ত তালিকা প্রস্তুত করবে ব্যুরো অফ ইমিগ্রেশন।

সম্প্রতি কার্যকর হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫–এর আওতায় প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র। অভিযোগ প্রমাণিত বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো না হওয়া পর্যন্ত এই কেন্দ্রেই রাখা হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.