Tranding
জাতীয় খবর / December 2, 2025

সাইক্লোনে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ত্রাণ সহায়তার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী মোদি

ভয়াবহ সাইক্লোন ‘দিতওয়া’ শ্রীলঙ্কা জুড়ে অসীম ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃতের সংখ্যা হাজারের গণ্ডি পেরিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধার সামগ্রী পাঠিয়েছে এবং ‘অপারেশন সাগরবন্ধু’–এর আওতায় উদ্ধারকাজ চালাচ্ছে। কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদি জানান, এই সহায়তা আরও জোরদার করা হবে এবং শ্রীলঙ্কার পাশে ভারত আগামীতেও একইভাবে থাকবে। তিনি জোর দিয়ে বলেন, কঠিন সময়ে প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়ানো ভারতের দায়িত্ব।

এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া বার্তায় মোদি আরও লিখেছেন, “অপারেশন সাগরবন্ধুর অধীনে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম যাতে নির্বিঘ্নে চলতে পারে, তার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা আমরা দিতে থাকব। একই সঙ্গে পুনর্বাসন ও পুনর্গঠনের সময়েও ভারত শ্রীলঙ্কার পাশে থাকবে।”

ভারতের এই দ্রুত ত্রাণ উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। দ্বীপরাষ্ট্রের জন্য ভারত যে সময়ে উপযুক্ত সাহায্য পাঠিয়েছে, তা উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মত কূটনৈতিক মহলের।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.