ঘন কুয়াশায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১৩
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরা জেলায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একের পর এক গাড়ির সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বহু মানুষ।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভোরের দিকে দৃষ্টিসীমা অত্যন্ত কম থাকায় এক্সপ্রেসওয়ের একটি অংশে প্রায় সাতটি বাস, একটি টেম্পো ট্রাভেলার ও কয়েকটি ছোট গাড়ির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
মথুরার জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও প্রশাসনের একাধিক দল। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। পুলিশ সুপার শ্লোক কুমার জানান, উদ্ধারকাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং প্রশাসনকে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পরে করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, শীতের মরসুমে কুয়াশাজনিত কারণে এক্সপ্রেসওয়েগুলিতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। প্রশাসনের তরফে চালকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।
ছবি: সংগৃহীত