ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, নিহত ১১—নিখোঁজ ১২
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। নিখোঁজদের সন্ধানে জোরদার উদ্ধার অভিযান চলছে। শনিবার স্থানীয় এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সেন্ট্রাল জাভা প্রদেশের তিনটি গ্রামে ভয়াবহ এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়, আর কিছু ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় উদ্ধারকর্মী দলের প্রধান মুহাম্মদ আবদুল্লাহ এএফপিকে জানান, “শনিবার বিকেল পর্যন্ত মোট ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর ১২ জনের খোঁজে আমাদের অভিযান অব্যাহত আছে।”
উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, উদ্ধার অফিস এবং স্বেচ্ছাসেবকসহ ৭০০–এর বেশি কর্মী যোগ দিয়েছেন। আবদুল্লাহ আরও জানান, জাতীয় দুর্যোগ সংস্থার একজন মুখপাত্র প্রথমে জানিয়েছিলেন যে বৃহস্পতিবার দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়। শুক্রবার আরও একটি এবং শনিবার আরও আটটি মৃতদেহ পাওয়া যায়। উদ্ধার কাজে এক্সকাভেটর এবং ট্র্যাকিং কুকুর ব্যবহার করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার জাতীয় আবহাওয়া সংস্থা সপ্তাহের শুরুতেই সতর্ক করেছিল যে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের কারণে হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মনসুন মৌসুমে সাধারণত ভূমিধস, আকস্মিক বন্যা ও পানি–বাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও বর্ষণের ধরণে পরিবর্তন দেখা যাচ্ছে, ফলে তীব্র বৃষ্টি ও ঝোড়ো বাতাসের ঘটনা বাড়ছে।
এ মাসের শুরুতেও পাপুয়ার একটি দূরবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে।