ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০, নিখোঁজ ১২—উদ্ধার অভিযান অব্যাহত।
দক্ষিণ ও মধ্য ভিয়েতনামে টানা বর্ষণ ও ভূমিধসে সৃষ্ট ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০ হয়েছে। এখনও অন্তত ১২ জন নিখোঁজ, যাদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নিরবচ্ছিন্ন বৃষ্টিতে পর্যটনকেন্দ্র, বসতি এলাকা ও ঐতিহাসিক স্থাপনা প্লাবিত হয়। উপকূলীয় শহর নিহা ত্রাংয়ের বহু এলাকা পানির নিচে, আর দা লাত অঞ্চলে পাহাড়ি রাস্তায় মারাত্মক ভূমিধস দেখা গেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত ডাক লাক প্রদেশে ১৬ নভেম্বরের পর থেকে ৬০ জনের বেশি মানুষ মারা গেছেন। প্রদেশটির চারটি পৌরসভা এখনো পানির নিচে এবং পাঁচটি প্রদেশে মোট ৮০ হাজার হেক্টর ফসল নষ্ট হয়েছে। বন্যায় ৩২ লাখের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে বা ভেসে গেছে।
বন্যায় বিচ্ছিন্ন এলাকায় নৌকা ও বিমান থেকে ত্রাণ ফেলা হচ্ছে। খাঁনহ হোয়া প্রদেশে স্রোতে দুটি সেতু ভেসে যাওয়ায় বহু পরিবার আটকে পড়েছে।
বন্যায় মহাসড়ক ও রেলপথের বেশ কিছু অংশ অচল এবং ১ লাখ ২৯ হাজার পরিবার এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন। পাঁচটি প্রদেশে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪৩ মিলিয়ন ডলার।
জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে মোট ২৭৯ জনের মৃত্যু বা নিখোঁজের ঘটনা ঘটেছে। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তন দেশটিতে দুর্যোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।