ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা–ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৭৪, নিখোঁজ অন্তত ৮০
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপজুড়ে টানা বৃষ্টি ও পাহাড়ি এলাকায় মাটি ধসে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন জেলার সর্বশেষ হিসাব অনুযায়ী, বন্যা ও ভূমিধস মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৮০ জন। দুর্যোগে বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছে এবং কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুহারিয়ান্তো এক সংবাদ ব্রিফিংয়ে জানান, উত্তর সুমাত্রা অঞ্চল সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে। এখানে মৃত্যু হয়েছে ১১৬ জনের এবং নিখোঁজ রয়েছেন ৪২ জন। পশ্চিম সুমাত্রায় প্রাণহানি ২৩ জন, নিখোঁজ ১২ জন। আচেহ অঞ্চলে মৃত্যুর সংখ্যা ৩৫ এবং নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন।
মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়। স্থানীয় তথ্য কর্মকর্তা ইলহাম আবদি বলেন, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিস্থিতি মূল্যায়ন করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে, কয়েকটি নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে কিছু বসতি প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে গেছে। বাড়ির ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে দমকল, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নৌযান নিয়ে কাজ করছেন।
সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে। আবহাওয়া অনুকূলে না থাকায় উদ্ধারকাজ ধীর গতিতে এগোচ্ছেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।