Tranding
মধ্যপ্রাচ্য / December 13, 2025

তীব্র শীতঝড় ও বৃষ্টিতে গাজায় প্রাণহানি বেড়ে ১৬, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ইসরায়েল

গাজা উপত্যকায় শীতঝড় ‘বাইরন’-এর প্রভাবে তীব্র ঠান্ডা, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক শিশু ও নবজাতক রয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

স্থানীয় স্বাস্থ্যসূত্র জানায়, গাজা শহর, উত্তর গাজা ও দক্ষিণের খান ইউনিস এলাকায় ঠান্ডাজনিত কারণে অন্তত তিন শিশু মারা গেছে। গাজা শহরের আল-শাতি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপে আশ্রয় নেওয়া এক নবজাতক এবং একটি স্কুলে আশ্রিত এক শিশু তীব্র শীত সহ্য করতে না পেরে মারা যায়। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি তাঁবু শিবিরে আরও এক শিশুর মৃত্যু হয়।

প্রবল বৃষ্টিতে যুদ্ধের কারণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত বহু ভবন ধসে পড়েছে। উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়ি ধসে অন্তত পাঁচজন নিহত হন। গাজা শহরের শেখ রাদওয়ান ও রেমাল এলাকায় দেয়াল ও ভবন ভেঙে পড়ার ঘটনায় আরও প্রাণহানি ঘটে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টি ও বাতাসে অন্তত ১৩টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে।

দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ এখন খোলা জায়গা বা অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। বৃষ্টির পানিতে এসব তাঁবু ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ায় প্রায় আট লাখ বাস্তুচ্যুত মানুষ নতুন করে ঝুঁকির মুখে পড়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সতর্ক করেছে, বন্যা, রোগ ছড়িয়ে পড়া এবং শীতজনিত মৃত্যুর আশঙ্কা আরও বাড়তে পারে।

চিকিৎসা ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ায় চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও কিছু এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে। জাবালিয়ায় ইসরায়েলি গুলিতে আহত এক নারী দুই দিন পর মারা গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে ১৯টি বসতির অনুমোদন দিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পশ্চিম তীরে বসতি নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ মহাসচিব এই পদক্ষেপকে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, একদিকে গাজায় ভয়াবহ মানবিক সংকট, অন্যদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ—দুটিই পুরো অঞ্চলে অস্থিরতা আরও গভীর করে তুলছে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.