দিল্লি বিস্ফোরণ: মৃত বেড়ে ১৩, তৃতীয় গাড়ি নিয়ে নতুন সন্দেহ
দিল্লির লালকেল্লার সামনে হওয়া বিস্ফোরণ তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা ধারণা করছেন, ঘটনায় দুটি নয়, অন্তত তিনটি গাড়ি ব্যবহৃত হয়েছিল। বুধবার হরিয়ানার খাণ্ডওয়ালি গ্রাম থেকে মূল সন্দেহভাজন উমর-উন-নবির আরেকটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
সূত্রের খবর, ওই গাড়ি ছাড়াও একটি লাল রঙের ইকোস্পোর্ট এবং সম্ভবত একটি মারুতি ব্রেজা গাড়ি ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে সন্দেহ। তৃতীয় গাড়িটির হদিস এখনও মেলেনি, তবে তা পালানোর কাজে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, লালকেল্লা বিস্ফোরণে আহত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (LNJP) হাসপাতালে। নতুন মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। মৃতের নাম বিলাল, যিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।
একাধিক কেন্দ্রীয় ও রাজ্য তদন্ত সংস্থা যৌথভাবে এই বিস্ফোরণ মামলার তদন্ত চালাচ্ছে। তদন্তকারীরা দিল্লি ও এনসিআর ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও সম্ভাব্য তৃতীয় গাড়ির খোঁজে অভিযান চালাচ্ছেন।