গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ২১। ‘সবুজ এলাকা’ তৈরির উদ্যোগে যুক্তরাষ্ট্র, মধ্যস্থতার আহ্বান হামাসের
গাজা: চলমান যুদ্ধবিরতির সীমার মধ্যেও গাজায় ইসরায়েলের টানা হামলায় নতুন করে ২১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার উত্তর ও মধ্য গাজায় এসব হামলা চালানো হয়। বুধবার থেকে শুরু হওয়া উত্তেজনার পর উভয়পক্ষ—ইসরায়েল ও হামাস—এক–অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় হামাসের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর দাবি করেছে, হামলায় হামাসের পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছে। নেতানিয়াহুর অফিস যুদ্ধবিরতি ভঙ্গের জন্য হামাসকে দায়ী করেছে। এ যুদ্ধবিরতি গত ১০ অক্টোবর থেকে কার্যকর রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাজা শহরের পশ্চিমাংশের রামাল পাড়া এলাকায় একটি বেসামরিক গাড়িতে বিমান হামলা চালানো হয়। নিহতদের একজন হামাসের সামরিক শাখার একজন দায়িত্বশীল সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে মধ্যস্থতাকারীদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলের লঙ্ঘন বন্ধে অবিলম্বে চাপ প্রয়োগ করতে হবে এবং যুক্তরাষ্ট্রকে তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানায়, যাতে ইসরায়েল যুদ্ধবিরতির শর্তগুলো মানতে বাধ্য হয়।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গাজা–ইসরায়েল সীমান্তের ইসরায়েলি পাশে ফিলিস্তিনিদের জন্য আবাসিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এর লক্ষ্য হলো বেসামরিকদের হামাস–নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দূরে সরিয়ে নিরাপদ ‘সবুজ এলাকা’ তৈরি করা, যেখানে হামাসের উপস্থিতি থাকবে না।