যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলের হামলায় নিহত ২৬০ ফিলিস্তিনি
গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাসেরও বেশি সময় পার হলেও ইসরাইলি বাহিনীর হামলা থামেনি। নতুন হামলায় অন্তত ২৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও দুইজনের লাশ এবং পাঁচজন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ববর্তী ইসরাইলি হামলার ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৫৩৩ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৯ হাজার ১৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৩ জন আহত হয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলার এই ধারাবাহিকতা শান্তি প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করছে এবং গাজার মানবিক বিপর্যয়কে গভীরতর করে তুলছে।
গাজার শাতি শরণার্থী শিবিরসহ বহু এলাকা এখনো ধ্বংসস্তূপে পরিণত। শিশুরা আশ্রয়হীন, হাসপাতালগুলোতে তীব্র ওষুধ ও চিকিৎসা সংকট বিরাজ করছে। মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ছবি: সংগৃহীত