সুদানে মসজিদে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৭৮ মুসল্লি
আন্তর্জাতিক ডেস্ক -প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫
সুদানের দারফুর প্রদেশের এল-ফাশার শহরে ফজরের নামাজ চলাকালীন এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৭৮ জন মুসল্লি নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার ভোরে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ আদায়রত মুসল্লিদের ওপর আচমকা ড্রোন হামলা চালানো হয়। মুহূর্তেই মসজিদের ভেতর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ আটকে থাকার আশঙ্কা থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনও চলছে।
এ ঘটনার জন্য সুদানের আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হচ্ছে। তবে এখন পর্যন্ত গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেনি।
দারফুর অঞ্চলে গত কয়েক মাস ধরে সরকারপন্থী বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। এই হামলার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।