Tranding
জাতীয় খবর / December 10, 2025

ইন্ডিগোর উড়ান কমাল ডিজিসিএ, চলমান বিশৃঙ্খলায় কড়া অবস্থান কেন্দ্রের

ইন্ডিগো এয়ারলাইন্সের ব্যাপক উড়ান বাতিল ও যাত্রীদের ভোগান্তি নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় আরও কঠোর পদক্ষেপ করল। শীতের সময়সূচিতে সংস্থার দৈনিক উড়ান ১০ শতাংশ কমানোর নির্দেশ জারি করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)।

সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু জানান, ইন্ডিগোর সাম্প্রতিক উড়ান-বিভ্রাটের পেছনে সংস্থার “অভ্যন্তরীণ সমস্যা”ই মূল কারণ। যাত্রীদের যে হয়রানি হয়েছে, তার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট জানিয়ে দেন তিনি। মন্ত্রীর বক্তব্যের পরই ঘটনা খতিয়ে দেখতে একটি চার সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এরই মধ্যে বিমানমন্ত্রীর সঙ্গে ইন্ডিগোর সিইও পিটার এলবার্স-এর বৈঠকও হয়। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শীতের ব্যস্ত মরসুমে ইন্ডিগোর নির্ধারিত দৈনিক চালু উড়ানের সংখ্যায় উল্লেখযোগ্য কাটছাঁট করতে হবে সংস্থাকে।

উড়ান বাতিলের ঘটনাগুলি গত কয়েক দিন ধরেই বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের চরম দুর্ভোগের কারণ হয়েছে। সময়মতো বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীদের ক্ষোভ বাড়ছিল। মন্ত্রণালয়ের মতে, পরিস্থিতি যাতে আর না বাড়ে, তাই আগে থেকেই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.