ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘাতের প্রভাবে বাড়ছে পঙ্গুত্ব, গভীর মানবিক সংকট
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে চলমান সংঘাতে বিপুল সংখ্যক মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে। বোমা বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং অবিস্ফোরিত গোলাবারুদের আঘাতে প্রাণে বেঁচে গেলেও বহু মানুষের হাত-পা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যা অঞ্চলটিতে মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে।
প্রায় এক বছর আগে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা গোমা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। নর্থ কিভু প্রদেশসহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্র জানায়, নর্থ কিভুর রুটশুরু এলাকায় গবাদিপশু চরানোর সময় বিস্ফোরক ডিভাইসের আঘাতে ২৫ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। বিস্ফোরণে তিনি তার এক হাত ও এক পা হারান, আর তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি নিহত হন। এ ধরনের ঘটনা ওই অঞ্চলে নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।
পূর্ব ডিআর কঙ্গো প্রায় তিন দশক ধরে অভ্যন্তরীণ ও সীমান্তপারের সহিংসতায় আক্রান্ত। এই সংঘাতের একটি বড় অংশের সূত্রপাত ১৯৯৪ সালের রুয়ান্ডার গণহত্যার পরবর্তী রাজনৈতিক ও সামরিক অস্থিরতার সঙ্গে যুক্ত বলে বিশ্লেষকরা মনে করেন।
চলতি বছরের শুরুতে এম২৩ বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ কয়েকটি শহর দখলের লক্ষ্যে অভিযান শুরু করলে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই হয়। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক প্রাণহানি ঘটে এবং গোমা ও বুকাভু শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়।
সংঘাত থামাতে আন্তর্জাতিক উদ্যোগও নেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে রুয়ান্ডা ও ডিআর কঙ্গোর নেতাদের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবে সহিংসতা বন্ধ হয়নি। চুক্তির পরপরই বিদ্রোহীরা নতুন করে অভিযান শুরু করে এবং বুরুন্ডি সীমান্তবর্তী কৌশলগত এলাকাগুলোতে হামলা জোরদার করে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানায়, চলতি বছরে পূর্ব ডিআর কঙ্গোতে তাদের সহায়তাপ্রাপ্ত চিকিৎসাকেন্দ্রগুলোতে অস্ত্র, মাইন ও অবিস্ফোরিত গোলার আঘাতে আহত ৮০০ জনের বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। এর মধ্যে শতাধিক রোগী অঙ্গচ্ছেদের শিকার, যাদের পুনর্বাসনের জন্য বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে যুক্ত কর্মকর্তারা জানান, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় প্রতিনিয়ত নতুন ভুক্তভোগী যুক্ত হচ্ছে, যা এই অঞ্চলের মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।