Tranding
রাজ্যের খবর / December 19, 2025

আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে কলকাতায় আলোচনা সভা: ওয়াকফ সম্পত্তি ও ওবিসি সমস্যা নিয়ে সরকারি পদক্ষেপের দাবি

বিশেষ প্রতিবেদন-বঙ্গদর্পণ: কলকাতা, ১৮ ডিসেম্বর: আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে বেঙ্গল মাইনরিটি ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় সংখ্যালঘু অধিকার, মানবাধিকার, সামাজিক ন্যায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথি, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী ও সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বেঙ্গল মাইনরিটি ফোরামের সাধারণ সম্পাদক সিয়ামত আলী তাঁর বক্তব্যে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার আজ গুরুতর চ্যালেঞ্জের মুখে। তিনি অভিযোগ করেন, ওয়াকফ সম্পত্তি দখল, অপব্যবহার ও অব্যবস্থাপনার কারণে সংখ্যালঘু সমাজের শিক্ষা, ধর্মীয় ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অবিলম্বে কঠোর ও স্বচ্ছ সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। পাশাপাশি ওবিসি সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত সমাধানেরও আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ও হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ কামাল উদ্দিন বলেন, বর্তমান সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি ওবিসি শ্রেণির মানুষও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন। ওবিসি সংরক্ষণ, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে যে অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুত দূর না হলে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হবে বলে তিনি মন্তব্য করেন। সরকারকে এসব সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফুরফুরা শরীফের পীরজাদা শাওবান সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, ওয়াকফ সম্পত্তি মূলত গরিব, এতিম, শিক্ষা ও ধর্মীয় উন্নয়নের জন্য নির্ধারিত। এই সম্পত্তি সুরক্ষিত রাখা মানে সংখ্যালঘু সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করা। একই সঙ্গে ওবিসি সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি মত প্রকাশ করেন।

বেঙ্গল মাইনরিটি ফোরামের সভাপতি আইনজীবী শেখ মইনুল হক বলেন, ওয়াকফ সম্পত্তির পূর্ণাঙ্গ ডিজিটাল তালিকা প্রণয়ন, অবৈধ দখল উচ্ছেদ, ওয়াকফ বোর্ডের স্বচ্ছতা বৃদ্ধি এবং ওবিসি সংক্রান্ত সমস্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করে ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সংগঠনের সহ-সম্পাদক আবু সিদ্দিক খান শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, আগামী দিনগুলিতেও সংখ্যালঘু অধিকার, ওয়াকফ সম্পত্তি সুরক্ষা এবং ওবিসি সমস্যার সমাধানে ধারাবাহিক আন্দোলন ও গণসচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিল্লি কাউন্সিলের সম্পাদক হাজী সাউদ আলম, নবাবীয়া মিশনের সম্পাদক সাঈদ আখবারসহ সমাজের বিভিন্ন স্তরের দায়িত্বশীল প্রতিনিধিরা।

বেঙ্গল মাইনরিটি ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান, চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সম্পাদক এবং সমাজকল্যাণ সংস্থা চাঁদপুর এন.এস. ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক আলহাজ্ব ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মাদ শফী। 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.