সদ্য অনুমোদিত ৩৩৮ মাদ্রাসার দাবি-দাওয়া নিয়ে আলোচনা সভা কলকাতায়
অনলাইন, বঙ্গ দর্পণ:কলকাতা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ — পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন পাওয়া সদ্য ৩৩৮ মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা সভার ডাক দিল অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগামী ১৭ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১টায় কলকাতার মৌলালি সংলগ্ন মহসিন মহল আনন্দপল্লীতে এই সভা অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি মো. শামাদ বিন এক আমন্ত্রণপত্রে জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সম্প্রতি নতুন করে ৩৩৮টি মাদ্রাসা অনুমোদন পেলেও এখনও পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য কোনো সরকারি বরাদ্দ মেলেনি। ফলে সংশ্লিষ্ট মহলে হতাশা ছড়িয়েছে। তিনি আরও উল্লেখ করেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে যদি এই দাবি-দাওয়া আদায় না হয়, তবে অন্তত পাঁচ বছর আবার অপেক্ষা করতে হবে।” এই পরিস্থিতিতে রাজ্য কমিটি শিক্ষামন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি জেলার প্রতিটি মাদ্রাসার সম্পাদক, সভাপতি, প্রধান শিক্ষক (এইচএম) ও টিআইসি-দেরকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সভায় প্রত্যেক মাদ্রাসা থেকে দুই জন শিক্ষক বা শিক্ষিকা নিয়ে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠন। আলোচনায় গৃহীত সুপারিশ ভবিষ্যতে আন্দোলনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।