Tranding
রাজ্যের খবর / February 5, 2026

বর্ধমানে চিকিৎসক খুনের অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের

চিকিৎসকের চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরে। মঙ্গলবার দুপুরে বাদামতলা এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত যুবক নিজে বর্ধমান থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। তিনি বাবুরবাগ কালীতলা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম জীবন রুইদাস। সে শক্তিগড় থানার অন্তর্গত আমড়া এলাকার বাসিন্দা। থানায় এসে প্রথমে ডায়েরি করার উদ্দেশ্যেই অভিযুক্ত এসেছে বলে মনে করেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। তবে পরে জীবন নিজেই দাবি করে যে, সে এক চিকিৎসককে খুন করেছে। এরপরই পুলিশ তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, প্রায় এক মাস আগে তার ঠাকুমার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ওই চিকিৎসকের কাছেই ঠাকুমার চিকিৎসা চলছিল। অভিযুক্তের দাবি, ভুল চিকিৎসার কারণেই তার ঠাকুমার মৃত্যু হয়েছে। সেই ক্ষোভ থেকেই সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে পুলিশের কাছে জানিয়েছে জীবন।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় ঘটনার জেরে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.