Tranding
রাজ্যের খবর / December 12, 2025

খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বর: কী ভাবে জানবেন আপনার নাম রয়েছে কি না

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার প্রথম ধাপ—এনুমারেশন ফর্ম সংগ্রহ ও আপলোড—বৃহস্পতিবার শেষ হচ্ছে। ঠিক তার পরেই ১৬ ডিসেম্বর রাজ্যে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। ফর্ম জমা দিলেও অনেকেই দুশ্চিন্তায়—নতুন তালিকায় তাঁদের নাম ওঠেনি তো? সেই উদ্বেগ দূর করতেই ভোটারদের জন্য অনলাইন ও অফলাইন–দু’ধরনের যাচাই–পদ্ধতি জানালো নির্বাচন কমিশন।

অনলাইন যাচাই

ভোটাররা তাঁদের নাম খসড়া তালিকায় রয়েছে কি না তা কয়েকটি উপায়ে দেখতে পারবেন—

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে (eci.gov.in)

সিইও ওয়েস্ট বেঙ্গল–এর সাইটে লগইন করে (ceowestbengal.wb.gov.in)

ইসিআই নেট অ্যাপ ব্যবহার করে

সাইট বা অ্যাপে গিয়ে নাম বা EPIC নম্বর দিলে দ্রুত জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। সংশ্লিষ্ট জেলার ডিইও অফিসের ওয়েবসাইটেও একইভাবে তথ্য দেখা যাবে।

অফলাইন পদ্ধতি

খসড়া তালিকার হার্ড কপি রাজ্যের প্রতিটি বুথ স্তরের আধিকারিক (BLO)-এর কাছে থাকবে। ভোটাররা তাঁদের সংশ্লিষ্ট বুথে গিয়ে BLO–র কাছেই নাম খুঁজে জানতে পারবেন।

এ ছাড়া—

রাজ্যের স্বীকৃত সব রাজনৈতিক দলের কাছে খসড়া তালিকার সফ্ট কপি দেওয়া হবে।

দলের বুথ লেভেল এজেন্ট (BLA)–দের কাছেও হার্ড কপি পাঠানো হবে। সেখান থেকেও ভোটাররা তালিকায় তাঁদের নাম আছে কি না জেনে নিতে পারবেন।

নাম বাদ পড়লে কী করবেন

খসড়া তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে নাম বাদ পড়াদের পৃথক তালিকাও প্রকাশ করা হবে।

১৫ জানুয়ারি পর্যন্ত ভোটাররা যে কোনও সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন ইআরও–দের কাছে।

১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি, যাচাই ও সংশোধনের কাজ চলবে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।

এসআইআরের সময়সীমা

দেশের কয়েকটি রাজ্যে এনুমারেশন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই। কমিশনের মতে, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এ রাজ্যের কাজ প্রায় সম্পূর্ণ।

—প্রতিনিধিত্বমূলক চিত্র

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.