বিশ্বজয়ের পর স্বপ্নের রাত! ট্রফি জড়িয়ে ঘুম জেমাইমা ও স্মৃতির, বললেন — এখনও যেন স্বপ্ন দেখছি
ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পরও উচ্ছ্বাস থামছে না। দলের তারকা ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ ও স্মৃতি মন্ধানা ট্রফি জড়িয়ে ঘুমিয়ে পড়ার ছবিতে মেতে উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া।
রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক জয়ের পর জেমাইমা ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। এক ছবিতে দেখা যায়, তিনি ও স্মৃতি হোটেলের বিছানায় বিশ্বকাপ ট্রফি বুকে নিয়ে শুয়ে আছেন। ক্যাপশনে লিখেছেন — “গোটা বিশ্বকে শুভ সকাল!”
অন্য এক ছবিতে দেখা যায়, তাঁদের সঙ্গে রয়েছেন অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব। সেই ছবির ক্যাপশন — “এখনও কি স্বপ্ন দেখছি?”
মাঠে জয়ের আনন্দেও অভিনব ভঙ্গিতে উল্লাস করেছিলেন জেমাইমা। যখন দলের বাকিরা মঞ্চে ট্রফি নিয়ে আনন্দে মেতে, তখন তিনি মাঠে শুয়ে থেকে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। পরে গোটা দল মাঠে ট্রফি নিয়ে প্রদক্ষিণ করে।
উৎসবের মুহূর্তে উপস্থিত ছিলেন ভারতের তিন প্রাক্তন অধিনায়ক — ঝুলন গোস্বামী, মিতালি রাজ ও অঞ্জুম চোপড়া। ২০০৫ ও ২০১৭ সালের হার ভুলে অবশেষে তাঁদের হাতেও উঠল সেই কাঙ্ক্ষিত ট্রফি। জয়ী দলের সঙ্গে তাঁরাও আবেগে ভেসেছেন।
ছবি: আনন্দবাজার পত্রিকা