অসমে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ — কলকাতাতেও মৃদু কম্পন
কলকাতা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ — রবিবার বিকেল ৪টা ৪১ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের গুয়াহাটি ও তেজপুরের মাঝের ওদালগুরি এলাকা, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কোচবিহার-সহ সমগ্র উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। মৃদু ঝাঁকুনি টের পাওয়া গেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও।
ভূমিকম্পের প্রভাব সীমাবদ্ধ ছিল না শুধুমাত্র পশ্চিমবঙ্গে। বাংলাদেশ, নেপাল ও ভুটানের কিছু অংশেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে খবর। তবে এখনো পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
উল্লেখ্য, গত সপ্তাহেই অসমের শোণিতপুর জেলায় ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার কয়েক দিনের মধ্যেই ফের কেঁপে উঠল অসম ও আশপাশের এলাকা। চলতি বছরে তিব্বত, বঙ্গোপসাগর এবং মায়ানমারের ভূমিকম্পেও উত্তরবঙ্গ ও কলকাতা একাধিকবার কেঁপে উঠেছে।
— সংবাদদাতা, আনন্দবাজার ডট কম