জম্মু–কাশ্মীর ও আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প, আতঙ্কে সাধারণ মানুষ
সোমবার ভোরে পরপর ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দুই প্রান্ত—জম্মু ও কাশ্মীর উপত্যকা এবং আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল বারামুলা জেলার পত্তন এলাকায়, যা জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গ থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূগর্ভে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। কম্পনের সময় বহু মানুষ বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ভোররাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়। NCS-এর তথ্য অনুযায়ী, সেখানে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় এবং সেটিও মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। ভোর সাড়ে ৩টে নাগাদ এই কম্পন রেকর্ড করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, জম্মু ও কাশ্মীর এবং আন্দামান–নিকোবর—দু’টিই ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস প্রকাশিত জাতীয় ভূকম্পন মানচিত্র অনুযায়ী, কাশ্মীর অঞ্চল সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সিসমিক জ়োনে এবং আন্দামান অঞ্চল উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে। একই দিনে দেশের দুই ভিন্ন প্রান্তে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।