Tranding
রাজ্যের খবর / January 21, 2026

শিরোনাম: এসএসসি মামলায় আবার নিশানায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও ‘মিডলম্যান’ প্রসন্ন, বাজেয়াপ্ত প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ‘মিডলম্যান’ প্রসন্নকুমার রায়ের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত সম্পত্তির আনুমানিক মূল্য ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকা।

ইডি সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নগদ অর্থ, হোটেল, রিসর্ট এবং অন্যান্য স্থাবর সম্পত্তি, যা অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকার সঙ্গে যুক্ত বলে দাবি তদন্তকারী সংস্থার। ইডি-র একটি সূত্রের দাবি, শুধু সম্পত্তি কেনাই নয়, আত্মীয়-পরিজনদের নামে থাকা একাধিক ব্যবসায়েও নিয়োগ দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করেছিলেন জীবনকৃষ্ণ।

মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ২০২৩ সালের এপ্রিল মাসে এই নিয়োগ মামলায় সিবিআই গ্রেফতার করেছিল। সে সময় তাঁর বিরুদ্ধে পুকুরে মোবাইল ফোন ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর ২০২৫ সালের অগস্টে একই মামলায় তাঁকে ইডি গ্রেফতার করে। সে সময় পাঁচিল টপকে পালানোর চেষ্টা করার অভিযোগও ওঠে।

ইডির দাবি, তদন্তে বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিস মিলেছে। বিধায়কের স্ত্রী ও বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ওই লেনদেনে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ। এ সংক্রান্ত নথি চেয়েও পাওয়া যায়নি বলে আদালতে দাবি করেছিল ইডি।

অন্যদিকে, এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্নকুমার রায়কে প্রথমে সিবিআই গ্রেফতার করে। পরে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে ইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তদন্তে তাঁর বিভিন্ন সংস্থায় প্রায় ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার সন্ধান পায় ইডি। যদিও প্রসন্ন দাবি করেছেন, ওই অর্থ কৃষিকাজ থেকে উপার্জিত। কেন্দ্রীয় সংস্থার চার্জশিটেও তাঁর সেই দাবি উল্লেখ রয়েছে।


 


 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.