অনিল অম্বানীর ঘনিষ্ঠ সহযোগী অশোককুমার পাল গ্রেফতার — বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডির পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদন:নয়াদিল্লি, ১১ অক্টোবর ২০২৫
‘রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গ্রুপ’-এর প্রধান অনিল অম্বানীর ঘনিষ্ঠ সহযোগী অশোককুমার পালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, বেআইনি আর্থিক লেনদেন ও মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অশোক পাল ছিলেন অনিলের মালিকানাধীন রিলায়্যান্স পাওয়ার-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO)। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে জানা গেছে।
ইডির দাবি, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে দেওয়া প্রায় ৩,০০০ কোটি টাকার অনিয়মিত ঋণ লেনদেনের সঙ্গে যুক্ত ছিল অনিল অম্বানীর একাধিক সংস্থা। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই অশোক পালের গ্রেফতারি।
এর আগে এই মামলায় ইডির জেরার মুখে পড়েছিলেন অনিল অম্বানী নিজে। দিল্লিতে ইডির দফতরে হাজিরাও দিয়েছিলেন তিনি। প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় অনিল ও তাঁর সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ এনেছে দেশের একাধিক ব্যাঙ্ক, যার মধ্যে এসবিআই-ও রয়েছে।
ইডি ছাড়াও, সিবিআই আলাদাভাবে এই আর্থিক প্রতারণার তদন্ত চালাচ্ছে। ইডি ইতিমধ্যেই রিলায়্যান্স এডিএজি ও রিলায়্যান্স পাওয়ারের একাধিক অফিসে অভিযান চালিয়েছে।
ইডি জানিয়েছে, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (Prevention of Money Laundering Act) অনুযায়ী অশোক পালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ ও আর্থিক লেনদেনের নথি বিশ্লেষণ চলছে।
ছবি: আনন্দবাজার