সম্পাদকীয়: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের দায়িত্ব
সম্প্রতি মুর্শিদাবাদের কাশেমবাজারে কালীমূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার হয়েছেন আর.এস.এস ঘনিষ্ঠ তাপস মন্ডল। বেলডাঙ্গায় কার্তিক পুজোর প্যান্ডেলে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ লাইটিং বানিয়ে দাঙ্গা সৃষ্টি করার ঘটনায় গ্রেফতার হয়েছেন বজরং দলের সদস্য সায়ন হালদার। চাপড়ায় সরস্বতী ঠাকুর ভাঙার ঘটনায় গ্রেফতার হয়েছেন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ। এছাড়াও কাকদ্বীপে কালীমূর্তি ভেঙে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার ঘটনায় গ্রেফতার হয়েছেন নারায়ণ হালদার।
এই ঘটনাগুলো স্পষ্ট করে যে, কিছু চিহ্নিত ব্যক্তিরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পবিত্র প্রতিমা ও দেবতার অপমান ঘটাচ্ছেন। বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দায় চাপিয়ে সমাজে বিভেদ ও অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অথচ এসব কাজ করার মাধ্যমে তারা নিজেদের দেব-দেবীদেরই অপমান করছে এবং সমাজে অশান্তির বীজ বপন করছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামাজিক ও সাংস্কৃতিক মেরুদণ্ড। এর প্রতি সম্মান ও যত্ন রাখা আমাদের সবার দায়িত্ব। এই দায়িত্ব থেকে কেউ পিছু হটতে পারে না। প্রশাসনকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে লিপ্ত হতে সাহস পায় না।
আমাদের সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই আমাদের সবার একমাত্র পথ।