সুদান সংকট নিরসনে সক্রিয় মিশর: সব পক্ষের সঙ্গে আলোচনায় কায়রো
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আতি বলেছেন, তার দেশ সুদানের চলমান সংকটের একটি সর্বাত্মক ও টেকসই সমাধান নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
মঙ্গলবার সুদানের উপকূলীয় শহর পোর্ট সুদানে তিনি দেশটির সেনাপ্রধান ও সার্বভৌম পরিষদের সভাপতি জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে আব্দুল আতি “হুকুমাতুল আমাল” বা ‘আশার সরকার’-এর প্রতি মিশরের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং পশ্চিম দারফুরের আল-ফাশার শহরে সংঘটিত নৃশংস হামলার নিন্দা জানান।
তিনি বলেন, মিশর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সুদানজুড়ে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক উদ্যোগগুলোতে সক্রিয় অংশগ্রহণ করছে। দেশটি দ্বিপক্ষীয় আলোচনা থেকে শুরু করে আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চে, বিশেষত আন্তর্জাতিক চতুর্মুখী জোটের (Quad Initiative) মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।
আব্দুল আতি আরও বলেন, “আমরা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছি যাতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতা গড়ে ওঠে, যা সুদানি জনগণের অধিকার ও সম্ভাবনাকে সুরক্ষিত করবে এবং তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা পূরণ করবে।”
এছাড়া বৈঠকে নীলনদের পানিবণ্টন সংক্রান্ত নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ একই অবস্থানে আছে—উভয়েই নীলনদের তীরবর্তী দেশ হিসেবে আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর জোর দিয়েছে এবং নদীর পানি ব্যবস্থাপনায় একতরফা কোনো পদক্ষেপকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
বৈঠক শেষে উভয় দেশ পুনর্ব্যক্ত করে যে, নীলনদের ন্যায্য ব্যবহার ও আঞ্চলিক সহযোগিতা বজায় রাখাই দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার একমাত্র পথ।