গাজার নিরাপত্তা পরিস্থিতি ও জাতিসংঘের প্রস্তাব নিয়ে মিশর–ফিলিস্তিন আলোচনা
গাজা পরিস্থিতি ও সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত খসড়া নিয়ে মিশর ও ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিকদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শনিবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আতি ও ফিলিস্তিনের উপ-রাষ্ট্রপতি হুসেইন আল-শেখের মধ্যে এই আলোচনায় আঞ্চলিক শান্তি প্রচেষ্টা জোরদার করার বিষয়টি প্রধান ছিল।
বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান যুদ্ধ বন্ধে এবং টেকসই শান্তির ভিত্তি গড়ে তুলতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে—এ বিষয়ে দুই পক্ষই একমত পোষণ করেছেন। তারা জানান, প্রস্তাবটি যেন যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার, বিশেষ করে স্বশাসনের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সহায়ক হয়।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আতি নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে আগের দিন প্রকাশিত বিবৃতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, শারম আল-শেখ শান্তি সম্মেলনে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছে, তা গাজা ও বৃহত্তর অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে।
মিশর ও ফিলিস্তিন উভয়পক্ষই মনে করে, এই প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা দূর করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি কার্যকর রূপরেখা তৈরি হবে।