এসআইআর সংক্রান্ত নোটিস নিয়ে মানসিক চাপে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু, কোচবিহারে রাজনৈতিক বিতর্ক
কোচবিহারের মাথাভাঙায় এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত নোটিস নিয়ে মানসিক চাপে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম রহমান বস্তাদার (৬৪)। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাথাভাঙা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বুথে রহমান বস্তাদারের ছোট ছেলের নামে এসআইআর সংক্রান্ত নোটিস এসেছে। নোটিসে নামের বানান বিভ্রান্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েন রহমান। পরিবার সূত্রে দাবি, মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন তিনি। নোটিসের বিষয়টি জানার পর সেই দুশ্চিন্তা আরও বেড়ে যায়।
পরিবারের দাবি অনুযায়ী, শুক্রবার সকালে রহমান নিজেই সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের (বিএলও) বাড়িতে যান বিষয়টি জানার জন্য। সেখানে নথিপত্র খতিয়ে দেখার সময় আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন এবং টেবিলের উপর লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপের ফলেই স্ট্রোক হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বিএলও জানান, বৃদ্ধ নিজেই তাঁর বাড়িতে এসেছিলেন এবং কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। শাসক দলের অভিযোগ, এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া ও আতঙ্কের জেরে সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে এবং তার ফলেই এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা এর জন্য নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেছে। অন্যদিকে, বিরোধী দল অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য রাজনৈতিক দায় চাপানোকে অনুচিত বলে দাবি করেছে।
ঘটনার তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতীকী ছবি।