এসআইআর শুনানিকেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের, হুগলিতে শুরু রাজনৈতিক বিতর্ক
হুগলি জেলার শ্রীরামপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত শুনানিকেন্দ্রে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। মৃত ব্যক্তির নাম মহম্মদ সিরাজউদ্দিন (৬০)। তিনি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল সিরাজউদ্দিনকে। পরিবারের দাবি, তাঁর নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও রয়েছে। তা সত্ত্বেও শুনানির নোটিস পেয়ে তিনি শ্রীরামপুরে নির্ধারিত শুনানিকেন্দ্রে যান। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাকিল আলির বক্তব্য অনুযায়ী, দুপুর ১টা নাগাদ শুনানিকেন্দ্রে পৌঁছন সিরাজউদ্দিন। প্রায় চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে। বসার মতো পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। বিকেল ৫টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পূর্ববর্তী কোনও গুরুতর অসুস্থতার তথ্য এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে। তাদের দাবি, এসআইআর প্রক্রিয়ার নামে রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনের বলেই দাবি শাসক দলের।
অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, স্বাভাবিক মৃত্যুকেও রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর-ঘটিত বলে তুলে ধরছে তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে এই ধরনের কোনও নির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি বলেও দাবি বিজেপির।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও একাধিক রাজ্যে একযোগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও অনলাইনে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে।
এই ঘটনার তদন্ত ও প্রশাসনিক ভূমিকা নিয়ে আগামী দিনে বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
—প্রতীকী ছবি।