বীরভূমে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, মৃত ৯৫ বছরের বৃদ্ধ
বীরভূম ● ৩০ অক্টোবর ২০২৫
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজ্যে আবারও দুঃখজনক ঘটনা ঘটল। বীরভূমের ইলামবাজারে ৯৫ বছরের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এসআইআর নিয়ে প্রবল ভয় ও মানসিক চাপে তিনি এই পদক্ষেপ নেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ক্ষিতীশ মজুমদার। তিনি মূলত পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার কোরা পাড়া গ্রামের বাসিন্দা। কয়েক মাস ধরে ইলামবাজারে মেয়ের বাড়িতে থাকছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় সুভাষপল্লির এক বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের সদস্যরা জানান, ২০০২ সালের ভোটার তালিকায় ক্ষিতীশবাবুর নাম ছিল না। এ নিয়ে তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন এবং বারবার বলতেন, “এই বয়সে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, কী হবে?” সেই ভয়েই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তাঁদের দাবি।
বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, “ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ হিসেবে এসআইআর-সংক্রান্ত আতঙ্কের কথাই জানা গিয়েছে। তবে লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি।”
গত কয়েক দিনে রাজ্যের অন্যান্য জায়গাতেও অনুরূপ আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ও কোচবিহারে একই ধরনের খবর পাওয়া গেছে।